১৫ বছরে ৫ হাজার কোটির সম্পদ!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:১২ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশীর্বাদে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নিজাম উদ্দিন হাজারী। মানব পাচার, কমিশন-বাণিজ্য, চাঁদাবাজি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে গত ১৫ বছরে নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে নিজাম হাজারী নামে পরিচিত ফেনী-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে।

ফেনীতে ৩০ বছরের হাজারী সাম্রাজ্যের অবসান হয়েছে গত ৫ আগস্ট নিজাম হাজারীর পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। ১৯৮৬ সালের পর থেকে গডফাদার হিসেবে ফেনী শাসন করেছেন নিজাম হাজারী ও জয়নাল হাজারী। ক্ষমতার পালাবদলে দুজনই পাশের দেশ ভারতে পালিয়ে নিজেদের রক্ষা করেছেন। রাজনৈতিক পটপরিবর্তন ও নানা ঘটনাচক্রে বিএনপির ভিপি জয়নালকে হারিয়ে তৈরি করেন নিজের অবস্থান। কালের পরিক্রমায় ফেনীর রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নেন নিজাম হাজারী।

২০০১ সালে যৌথ বাহিনীর অভিযানে জয়নাল হাজারী দেশ থেকে পালিয়ে গেলে শেষ হয় তার অধ্যায়। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে আওয়ামী রাজনীতির হাল ধরতে চট্টগ্রাম থেকে ফেনী আসেন নিজাম হাজারী। ধীরে ধীরে তৈরি করেন নিজের আধিপত্য। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ত্রাসের রাজত্বে নতুন রাজা হয়ে আসেন নিজাম উদ্দিন হাজারী। ২০১১ সালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ঠিক এক বছর পরই ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালের বিনাভোটের নির্বাচনে ফেনী-২ আসনের এমপি হওয়ার আগ থেকেই পুরো জেলার একক নিয়ন্ত্রক হয়ে ওঠেন। জেলায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, অবৈধ অস্ত্র-মাদক চোরাচালান সবই হতো তার নিয়ন্ত্রণে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে লাপাত্তা তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজাম হাজারী ভারতে পালিয়ে গেছেন। সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহা. নুরুল হুদা। দুদকের আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে কমিশন-বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং তার স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

অভিযোগ রয়েছে, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধের মাধ্যমে গত ১৫ বছরে কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন নিজামী হাজারী। মালয়েশিয়ার শ্রমবাজার দখলে নেওয়া চক্রের সাবেক চার এমপির মধ্যে তিনি অন্যতম। চক্রটি দেড় বছরে ২৪ হাজার কোটি টাকার বাণিজ্য করেছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে। ২০১৪ সালের ২০ মে ফেনীতে দিনদুপুরে গুলি ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামকে হত্যা করা হয় এমপি নিজামের ইশারায়। এভাবে আরও অনেক লাশ পড়ে। কিন্তু সব সময় নিজামী হাজারী ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গত ৪ আগস্ট তার নির্দেশে ফেনীতে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়। এতে ১১ জন নিহত হয়। ওই ঘটনায় নিজাম হাজারীর বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে।

বিভিন্ন সূত্রের তথ্যে জানা যায়, ৩০টি বালুমহাল থেকে বালু উত্তোলন করা হতো। এই খাতের আয়ের একটা অংশ পেতেন নিজাম হাজারী। বাস, ট্রাক, সিএনজিসহ পরিবহন খাতে নিজাম হাজারীর নামে ফেনীতে প্রতিদিন ওঠানো হতো কোটি টাকার বেশি চাঁদা। তাকে কমিশন না দিয়ে কোনো উন্নয়নকাজ হতো না। অগ্রিম কাজের টাকা দেওয়া এমন অনেক ঠিকাদার এখন বিপাকে পড়েছেন। ফারুক হোসেন নামে এক ঠিকাদার জানান, সড়কের ২ কোটি ৭৮ লাখ টাকার একটি কাজের জন্য নিজাম হাজারীকে অগ্রিম ৪০ লাখ টাকা দিয়েছেন। এখন তিনিও পালিয়ে বেড়াচ্ছেন।

২০১৪ সালে মেয়র পদ ছেড়ে দশম সংসদ নির্বাচনে অংশ নেন নিজাম হাজারী। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে ফেনী-২ আসনের এমপি নির্বাচিত হন। হলফনামায় নিজাম হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের সম্পদ দেখিয়ে ছিলেন ৪ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৬৮ টাকার। এমপি হওয়ার পর ২০১৮ সালের নভেম্বরে তাদের সম্পদের পরিমাণ হয় ৩১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ২০২ টাকা। আর গত পাঁচ বছরে তাদের সম্পদ বেড়ে হয় ১২৪ কোটি ৬২ লাখ ৭৬ হাজার ২৪৩ টাকা। গত ১০ বছরে তাদের সম্পদ বেড়েছে প্রায় ৩০ গুণ। হলফনামায় উল্লেখ করা এই হিসাবের বাইরে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে তার। হলফনামায় তার কয়েকশ কোটি টাকা মূল্যের বাগানবাড়ি এবং বালিগাঁওতে থাকা শতকোটি টাকার সম্পদ দেখানো হয়নি। ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে জায়গা, ফ্ল্যাট, প্লটের হিসাবও গোপন করা হয়েছে। তার মালিকানাধীন জাহাজের কথাও আসেনি।

নিজাম হাজারীর ভাই আব্বাস হাজারী লন্ডনে থাকেন। নিজাম হাজারী ভাইয়ের মাধ্যমে লন্ডনে কমপক্ষে ৫০০ কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। তার পাঁচটি বাড়ি আছে লন্ডনে। আছে তিনটি রেস্টুরেন্ট, যা তার ভাই আব্বাস হাজারী দেখাশোনা করেন।

নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়েও ছিল প্রশ্ন। অভিযোগ রয়েছে, সাজাপ্রাপ্ত নিজাম হাজারী পুরো সাজা শেষ না করেই জালিয়াতির মাধ্যমে বেরিয়ে এসে জনপ্রতিনিধি হয়েছেন। ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। ২ বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে মুক্তি পান।

গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিজাম হাজারীর নির্দেশে তার ক্যাডার বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ১১ জন নিহত হন। নিজাম হাজারীর পক্ষে তার বিশ্বস্ত ক্যাডার শুসেন গুলির নির্দেশ দেন। আর শুসেনের অনুসারী জিয়া উদ্দিন বাবলুসহ কয়েকজনের গুলিতে অধিকাংশ ছাত্র-জনতা মারা যান। সদর উপজেলার উত্তর ফাজিলপুর কলাতলী গ্রামের নিহত ছাত্র ছাইদুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘নিজাম হাজারী সেদিন নির্দেশ না দিলে আমার ছেলে মরত না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, ‘মহিপালে জোহরের নামাজ পড়ছিলাম। নামাজ শেষের দিকে আমাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। পরে শুনেছি ট্রাংক রোডে নিজাম হাজারীর মহড়ার পর তার ক্যাডাররা গুলি করতে করতে মহিপাল আসে।’

এ প্রসঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি হাফেজ আহম্মদ বলেন, ‘আমি অসুস্থ, এলাকাতেই আছি। আওয়ামী লীগ করলেও অন্যায়, অত্যাচার, মানুষ হত্যা করিনি।’ তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এক ব্যক্তির নির্দেশে সেদিন ১১ জনকে হত্যা করা হয়েছে।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পৌরসভাসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের কোন কাজ কে পাবেন, সেটাও ঠিক করে দিতেন নিজাম হাজারী। তাকে প্রকল্পের বরাদ্দের ১০ শতাংশ থেকে ক্ষেত্রবিশেষে ২৫ শতাংশ পর্যন্ত কমিশন কাজ শুরুর আগেই দিতে হতো।

গত ১৫ বছরে ফেনী জেলায় ৬ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা, পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে। ১০ শতাংশ কমিশন ধরলেও শুধু এসব প্রকল্প থেকেই ৬০০ কোটি টাকা আদায় করেছেন নিজাম হাজারী।

ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় রয়েছে নিজাম হাজারীর আলিশান বাগানবাড়ি। সেখানে আছে দৃষ্টিনন্দন লেক, হ্যালিপ্যাড, সুইমিংপুল ও মদের বার। বিশাল আয়তনের এই বাড়িতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত না। জাতীয় নির্বাচনে হলফনামায় বাগানবাড়ির তথ্য উল্লেখ করেননি তিনি। প্রায়ই ঢাকা থেকে শোবিজ তারকা এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এই বাগানবাড়িতে আসতেন। সরকার পতনের পর ক্ষুব্ধ জনতা এতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, ‘গত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন নিজাম হাজারী। যার ১০ শতাংশ রয়েছে ফেনীতে। বাকি টাকা দুবাই, লন্ডন, তুরস্কসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। তার স্ত্রীর রয়েছে দুই কেজি স্বর্ণালংকার। অবৈধভাবে অর্জন করা এই সম্পদ দেশের কোনো কাজে আসেনি।’

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘মাস্টারপাড়ার হিন্দুদের জায়গা দখল করে নিজাম হাজারী হাজার কোটি টাকার বাগানবাড়ি তৈরি করেছেন।’

ফেনী শহরতলি সহদেবপুরের বাসিন্দা সম্ভু চক্রবর্তী বলেন, ‘প্রথমে জায়গা দিতে রাজি হচ্ছিলাম না। পরে দুজন এসে বলে, জায়গা বিক্রি করে টাকা না নিলে জোর করে নিয়ে যাবে। ভয়ে রেজিস্ট্রি করে দিই। পরে নামমাত্র টাকা দিয়েছে।’

এ ছাড়া ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে নিজাম হাজারী কয়েক হাজার একর জায়গা দখল করেছেন নিজের ও স্ত্রীর নামে মসজিদ-মাদ্রাসা নির্মাণ করেন। নামমাত্র টাকায় এসব জমি দখল করা হয়।

ফেনী জেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম ওরফে স্বপন মিয়াজীর দীর্ঘদিনের সখ্য। নজরুল ইসলামের মাধ্যমেই ওবায়দুল কাদেরের সঙ্গে সখ্য গড়ে ওঠে নিজামের। গত ১০ বছরে ওবায়দুল কাদের যতবার ফেনীতে এসেছেন, নিজাম হাজারীর আতিথেয়তা নিয়েছেন। ওবায়দুল কাদেরের সঙ্গে কয়েকবার ব্যক্তিগত সফরসঙ্গী হয়েছেন নিজাম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ)। ফেনী সদর থেকে কোম্পানীগঞ্জের দূরত্ব ২৩ কিলোমিটার। এলাকায় এলে তিনি রাতযাপন করতেন ফেনীতে। ওবায়দুল কাদের ঘনিষ্ঠ হওয়ার কারণে নিজাম হাজারী আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত নিজাম হাজারীর নামে আটটি হত্যা মামলাসহ ৯টি মামলা হয়েছে। তার নামে নানা অপকর্মের অভিযোগ পাওয়া যাচ্ছে। আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত