নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ও দাবি করা চাঁদার টাকা না পেয়ে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে মাথা এবং শরীর ইট দিয়ে থেতলে দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
