বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গেপ্তারের পর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলাসহ মোট চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
কোহিনুর বেগম বিসিসির সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র-৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।
ওসি মিজানুর রহমান বলেন, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ আগস্ট নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোহিনুরসহ ৩ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এছাড়া বিএনপি নেতাকর্মীদের দায়ের করা আরও তিনটি মামলার আসামি কোহিনুর। তাকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিএনপির অফিস পোড়ানোর মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সাবেক দুই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ আরও অনেককে আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বিসিসির ৯ জন কাউন্সিলরসহ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বর্তমানে কারাগারে রয়েছেন।
সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল 