বরিশাল নগর মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

কোহিনুর বেগম বিসিসির সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র-৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

ওসি মিজানুর রহমান বলেন, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ আগস্ট নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোহিনুরসহ আওয়ামী লীগের তিন হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া বিএনপি নেতাকর্মীদের করা আরও তিনটি মামলার আসামি কোহিনুর।

তিনি আরও জানান, বিএনপির অফিস পোড়ানোর মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সাবেক দুই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরসহ আরও অনেকে আসামি। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বিসিসির ৯ জন কাউন্সিলরসহ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বর্তমানে কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত