ক্রিকেটে বাজবল তত্ত্ব চালুর পর ইংল্যান্ড ক্রিকেট দল নিজেদের ম্যাচের একদিন আগে একাদশ ঘোষণা করার রীতি শুরু করে। পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি দল সেই পথ অনুসরণ করেছে। আর ফুটবলে ম্যাচের আগে একাদশ জানিয়ে দেওয়ার রীতিতে শুরু করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে ১২তম রাউন্ডের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে দরিভাল জানিয়ে দিয়েছেন একাদশ।
সালভাদরের ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের সঙ্গে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সকাল ৬টা ৪৫ মিনিটে। এই ম্যাচ দিয়েই ব্রাজিল শেষ করবে ২০২৪ সাল। ঘটনাবহুল এই বছরেই কোচ হয়ে এসেছেন দরিভাল জুনিয়র। কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া বা বিশ্বকাপ বাছাইয়ে হার, সব মিলিয়ে বছরটা খুব ভালো যায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
২০২৪ কোপা আমেরিকাতে ব্রাজিল কোয়ার্টার থেকে বাদ পড়েছিল উরুগুয়ের সঙ্গে টাইব্রেকারে হেরে। এবার বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত চার হারের একটি উরুগুয়ের কাছেই। গত অক্টোবরে নিজেদের মাঠে উরুগুয়ে ২-০ গোলে হারায় ব্রাজিলকে। তাই প্রতিপক্ষ উরুগুয়ে বলেই হয়তো কিছুটা শঙ্কায় থাকবেন ব্রাজিল ভক্তরা।
কোচ দরিভাল অবশ্য চাপ নিচ্ছেন না। তাই তো বছরের শেষ ম্যাচের আগের দিন জানিয়ে রাখলেন একাদশ। গোলকিপার হিসেবে এডারসনকেই খেলাবেন ব্রাজিল কোচ। দুই সেন্ট্রারব্যাক মার্কিনহো, গ্যাব্রিয়েল মাগালেসের সঙ্গে থাকবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারেস, গেরসন ও রাফিনহা থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ইগর জেসুস এবং সাভিনহো। ভ্যান্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে দানিলো একাদশে ফিরছেন।
ব্রাজিলের ম্যাচ শুরু হওয়ার ৪৫ মিনিট আগে লা বোম্বোনেরাতে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের প্রতিপক্ষ পেরু। লিওনেল স্কালোনি দল নিয়ে প্রেস কনফারেন্সে কোনো কথা না বললেও এই ম্যাচে অন্তত দুই পরিবর্তন থাকছে তা নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম। নাহুয়েল মলিনার বদলে দলে আসবেন গঞ্জালো মন্তিয়েল। আর ডিফেন্সে কুটি রোমেরোর জায়গায় থাকবেন নিকোলাস বালের্দি।
