ভেনেজুয়েলার ক্ষমতায় মাদুরো, দেশছাড়া গঞ্জালেসকে প্রেসিডেন্ট স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

ভেনেজুয়েলার ৫৩তম প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন নিকোলােস মাদুরো। এরই মধ্যে নির্বাচনের চার মাস পর বিরোধীদলীয় নেতা এডমুন্ডো গঞ্জালেস উররুতিয়াকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ স্বীকৃতি দেন।

গত ২৮ জুলাই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। বিতর্কিত ওই নির্বাচনে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে জয়ী ঘোষণা করেন নিকোলা মাদুরো। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হন তিনি। অন্যদিকে বিরোধীরাও তাদের প্রার্থী গঞ্জালেসকে জয়ী ঘোষণা করেন এবং নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে গণবিক্ষোভের ডাক দেন।

নির্বাচনের চার মাস পর বিরোধী প্রার্থী গঞ্জালেসকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দেওয়া বিবৃতির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার মাদুরো সরকার। এটিকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে তারা।

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যান্টনি ব্লিঙ্কেন লিখেছেন, ২৮ জুলাই ভেনেজুয়েলার মানুষ দৃঢ়ভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং নতুন প্রেসিডেন্ট (গঞ্জালেস উররুতিয়াকে) বেছে নিয়েছেন। গণতন্ত্রের দাবি, ভোটারদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।

যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতির জবাবে গঞ্জালেস এক্সে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতির জন্য দেশটির কাছে তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘এ ধরনের মনোভাবের মাধ্যমে ২৮ জুলাই আমরা একসঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দেশের যে পরিবর্তন এনেছি, তার প্রতি সম্মান জানানো হয়েছে।’

তবে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে নজিরবিহীন গ্রেপ্তারি পরোয়ানার কারণে স্পেনে অবস্থান করছেন গঞ্জালেস উররুতিয়া। বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোও আত্মগোপনে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত