দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর অংশে রাতের আধাঁরে ভেঙে ফেলা ডিভাইডার মেরামতে এগিয়ে এসেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সড়কের ব্যস্ততম গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এমন প্রচেষ্টা চালাতে দেখা গেছে সংগঠনটির সদস্যদের।
জানা যায়, ব্যস্ত এই মহাসড়কের দাউদকান্দি অংশে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে প্রায় অর্ধশতাধিক প্রাণ। দুর্ঘটনা রোধকল্পে চার লেন সড়কের বেশিরভাগ কাটা ডিভাইডার ঢালাই ব্লক এবং আরসিসি দেয়াল তুলে বন্ধ করে দেয় সড়ক বিভাগ। বন্ধ করার পরও কে বা কারা রাতের অন্ধকারে সড়কের মাঝখানের ডিভাইডার ভেঙে ফেলছে, আবার কোথাও সরিয়ে ফেলেছে অজ্ঞাত একটি চক্র। ভেঙে ফেলা ও কাটা ডিভাইডার দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিসহ ছোট যানবাহনসহ পথচারী। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ঝুঁকিপূর্ণ এমন কাজ নিরসনে নিরাপদ সড়ক চাই সংগঠনটির সদস্যদের চেষ্টায় জনসাধারণের মাঝে স্বস্তি দেখা গেছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “রাতের আধাঁরে কাটা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার” শিরোনামে জনসচেতনতায় দেশ রূপান্তর অনলাইন ভার্সনে গত ৭ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশ রূপান্তরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি বলেন, মহাসড়কটির ব্যস্ততম স্থান হলো গৌরীপুর বাসস্ট্যান্ড। ঢাকামুখী সরাসরি লেনে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করাতে ডিভাইডার ভাঙা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে পথচারী ও যাত্রী পারাপারে বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা রোধে আমরা এই উদ্যোগ নিয়েছি। বাকী ভাঙা অংশ মেরামত করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য যে রাতের আধাঁরে কাটা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার শিরোনামে দেশ রূপান্তর অনলাইন ভার্সনে গত ৭ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
শেখ হাসিনার নামে মামলা করা যুবলীগকর্মী কে এই কফিল উদ্দিন?
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই অতিরিক্ত সচিব ওএসডি