জাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৪ জন বহিষ্কার

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৮ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের (৫৩ তম ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতের ঘটনায় ডেপুটি রেজিস্টারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। দায়িত্বে অবহেলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

বরখাস্তকৃতদের মধ্যে এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুর রহমান বাবুল। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ময়লার ব্যবসা, ইন্টারনেট ও ডিশ ব্যবসা দখল নেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দা হওয়ায় প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন সময় টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিকশা চালানোর লাইসেন্স প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতার নামে নিজের লোক দিয়ে বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ডেপুটি রেজিস্ট্রার ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুর রহমান বাবুলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাময়িক বরখাস্তকৃত অন্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আবদুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত