নীলফামারীতে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ব্রেক ফেইলের ঘটনা ঘটেছে। ট্রেনটি নীলফামারীর সীমান্তবর্তী রেলস্টেশন চিলাহাটি থেকে খুলনায় যাচ্ছিল। গত বৃহ¯পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নীলফামারীর ডোমার রেলস্টেশনে যাত্রাবিরতির সময় ট্রেনের ব্রেক ফেল করলে স্টেশন ছেড়ে দুই কিলোমিটার দূরে গিয়ে চালক ট্রেনটি থামাতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী ও ওই ট্রেনের যাত্রীরা জানান, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ১৫ মিনিট বিলম্বে সন্ধ্যা ৭টায় ছেড়ে আসে। পরের স্টেশন ডোমারে ট্রেনের যাত্রাবিরতি ছিল। কিন্তু দ্রুতগতিতে থাকা ট্রেনটি ডোমার রেলস্টেশনের প্ল্যাটফর্মে থামতে না পেরে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই কিলোমিটার অদূরে গিয়ে থামে। পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে আসে যাত্রী তোলার জন্য।
ট্রেনের যাত্রী রতন ইসলাম বলেন, ‘ডোমার বাজার রেলগেট অতিক্রম করার পর প্ল্যাটফর্মে নামার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু প্ল্যাটফর্মের কাছাকাছি এসেও স্বাভাবিক গতি ছিল না ট্রেনটির। এতে ট্রেনে থাকা আমরা যাত্রীরা ভয় পাই। মনে হয়েছিল ট্রেনের ড্রাইভার ঘুমিয়ে গেছেন। পরে জানতে পারি ট্রেনটি ব্রেক ফেল করেছে।’
ট্রেন পরিচালক (গার্ড) হুমায়ুন কবীর খান জানান, সাধারণ ব্রেক কাজ না করায় স্টেশন থেকে দূরে গিয়ে জরুরি ব্রেক করে ট্রেনটি থামানো হয়। ততক্ষণে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায় ট্রেন।
ডোমার রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাবু হোসেন বলেন, ‘আমরা মাইকে বরাবরের মতো ঘোষণা দিচ্ছিলাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামার কথা। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দুই কিলোমিটার দূরে চলে যায়। পরে ট্রেনটি পেছনে এসে যাত্রী তোলে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
