বছর পার হয়ে গেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে নৃশংসতা কমছে না দখলদার ইসরায়েলি বাহিনীর। প্রতিদিনই ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় শত শত মানুষের মৃত্যু হচ্ছে উপত্যকাটিতে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে আরও ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ২০০ জনে পৌঁছে গেছে।
এছাড়া এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ১৭৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত ও নিরলস হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৪৭৩ জন ব্যক্তিও আহত হয়েছেন।
মন্ত্রণালয় বলেছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১২০ জন নিহত এবং আরও ২০৫ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
