ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চাইবে রাষ্ট্রপক্ষ 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশটি স্থগিত চাইবে রাষ্ট্রপক্ষ। আবেদনের প্রক্রিয়াটি চলমান রয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হতে পারে। 

আজ রবিবার সংশ্লিষ্ট মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। গত ১৯ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক আদেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আদেশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে আদেশ দেন আদালত। ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের রুল দেন হাইকোর্ট। 

তবে, হাইকোর্টের এ আদেশের পর গত কয়েকদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন, অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 

হাইকোর্টে এ রিট মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নূর মুহাম্মদ আজমী দেশ রূপান্তরকে বলেন, ‘অটোরিকশা নিয়ে হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে আবেদন করা হবে। আবেদনের প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল এ বিষয়ে চেম্বার আদালতে সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন ও শুনানির জন্য তোলা হবে।’

প্যাডেলচালিত রিকশা মালিকদের সংগঠন ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোমিন আলীর পক্ষে করা একটি রিট আবেদনের ওপর ১৯ নভেম্বর এ অন্তর্বর্তীকালীন আদেশ আসে। 

আবেদনের বরাতে রিটকারীদের আইনজীবী সানজিদ সিদ্দিকী বলেছিলেন, ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধন দিতে করা রিট আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। রায়ে বলা হয়, এ ধরনের যানবাহনকে লাইসেন্স দেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। বিদ্যমান আইনে এই ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অবৈধ। এসব যানবাহন আগে মহানগরের অলিগলিতে চললেও এখন তা মূল সড়কে চলছে। বাড়ছে দুর্ঘটনা। সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিচ্ছে। তাছাড়া ব্যাটারিচালিত এসব যানে প্রচুর বিদ্যুৎ খরচ হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত