টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

কক্সবাজারে টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয়েছে আরও দুই শিশু। রবিবার (২৩ নভেম্বর) দুপুর পৌঁনে ১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের খোনকারপাড়া পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু নুর কামাল (১০) টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

নিখোঁজরা হলেন- একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)।

স্থানীয়দের বরাত দিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, রবিবার দুপুরের দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০/১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনায় নিখোঁজ রয়েছে অপর দুই শিশু।

ওসি বলেন, ঘটনার খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার ব্যাপারে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মৃত উদ্ধার শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত