বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শামীম (১৩) নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চার নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেনÑ সংগঠনটির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিচালক মো. দেলোয়ার হোসেন ও সার্কুলেশন ম্যানেজার মো. আবুল কালাম।
সংগঠনটির দাবি, আন্দোলনে সংশ্লিষ্টতা না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি কুচক্রীমহল ওই হত্যা মামলায় তাদের নেতাদের নাম জড়িয়েছে। গত ৩ অক্টোবর রাজধানীর ধানমণ্ডি থানায় ওই হত্যা মামলা করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে বলেন, ‘জাহাঙ্গীর আলম ৪০ বছরের বেশি সময় এবং আবুল কালাম ৫০ বছর ধরে সংবাদপত্র বিপণন কাজে যুক্ত। এই মামলার কারণে ঢাকা ও শহরতলীতে পত্রিকা বিক্রি ও বণ্টনে বিঘœ ঘটছে। অথচ আমাদের সন্তানরা কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।’
মামলা থেকে চার নেতার অব্যাহতি চেয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ওই এজাহার দেখে আমরা হতবাক ও বিস্মিত। কেননা আওয়ামী দোসররা এখনো আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্তি করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। পাশাপাশি তারা আমাদের এ সংগঠনকে দখলের অপচেষ্টায় লিপ্ত। যদিও আমাদের এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক। বিগত ৫১ বছর ধরে সংবাদপত্র পাঠক-পাঠিকাদের কাছে পৌঁছানোই আমাদের একমাত্র কাজ।’
