চিকিৎসকরা সেমিনার, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশ নিতে বছরে দুইবারের বেশি বিদেশে যেতে পারবেন না- এমন নির্দেশ জারি করার পরদিনই তা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করে এবং তা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু আজ সোমবার এক অফিস আদেশের মাধ্যমে সে নীতিমালা বাতিল করে মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে সোমবার বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দপ্তর অথবা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের নীতিমালা বিষয়ে ২৪ নভেম্বরে জারি করা অফিস আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
অফিস আদেশটি জারির পরপরই চিকিৎসকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা করেন তারা। তারপরই সিদ্ধান্ত বাতিলের আদেশ আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকরা মন্তব্য করেন, এসব ভুল আর অযৌক্তিক আদেশ মন্ত্রণালয়ের কাজকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। যারা এসব হাস্যকর আদেশ জারি করে, সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হলে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদেশ ভ্রমন সংক্রান্ত জারি করা নীতিমালাকে ‘অবমাননাকর’ বলে মত প্রকাশ করেন।
এর আগে গত রবিবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নীতিমালায় বলা হয়েছিল, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দফতর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশে সেমিনার/সভা/সিম্পোজিয়াম/প্রশিক্ষণ/কর্মশালায় অংশ নিতে পারবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এই নীতিমালা প্রকাশ করা হয়েছিল।
সেন্টমার্টিনগামী জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে
সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে: নোয়াব