লোহিত সাগরে মিশরের প্রমোদতরী ডুবে ১৭ পর্যটক নিখোঁজ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে মিশরের লোহিত সাগর উপকূলে পর্যটকবাহী একটি প্রমোদতরী ডুবে গেছে। এতে অন্তত ১৭ পর্যটক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় উপকূলীয় শহর মার্সা আলমের কাছে প্রমোদতরীটি ডুবে যায়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির রেড সী প্রদেশ কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, ‘সি স্টোরি’ নামের প্রমোদতরীটি বিভিন্ন দেশের ৩১ পর্যটক ও ১৪ ক্রুসহ ৪৫ জন আরোহী নিয়ে উপকূলীয় শহর মার্সা আলমের কাছে ডুবে যায়। পরে তাদের মধ্যে অন্তত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।

গভর্নর আমর হানাফি জানিয়েছেন, হেলিকপ্টার ব্যবহার করে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

মিসরের নৌবাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কর্মকর্তারা।

গভর্নর জানিয়েছে, নৌকাটি রবিবার মার্সা আলমের পোর্ট গালিব থেকে রওনা হয়েছিল। আগামী ২৯ নভেম্বর হুরগাদা মেরিনায় ফিরে আসার কথা ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম আহরাম অনলাইনের খবরে বলা হয়, মিশরীয় আবহাওয়া কর্তৃপক্ষ ভূমধ্যসাগর ও লোহিত সাগর উত্তাল থাকার পূর্বাভাস দিয়েছিল। যেখানে রবিবার ও সোমবার সব ধরনের সমুদ্র চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

ভূমধ্যসাগরে ঢেউয়ের উচ্চতা ৪-৬ মিটার (১৩-২০ ফুট) এবং লোহিত সাগরে তা ৩-৪ মিটার (১০-১৩ ফুট) পর্যন্ত পৌঁছাতে পারে বলে সেই পূর্বাভাসে জানানো হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জাহাজটি কীভাবে চলাচলের অনুমতি পেল তা স্পষ্ট নয়।

লোহিত সাগর একটি জনপ্রিয় ডাইভিং গন্তব্য। এটি তার প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত, যা মিশরের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্পের মূল চাবিকাঠি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত