দিনের শুরুতেই চমক। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ সেখানেই ইনিংস ঘোষণা করে চমকে দিল। ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণার ‘সাহসী’ সিদ্ধান্ত নেওয়ার পর বল হাতেও প্রথম দুই ঘণ্টা দারুণ কেটেছে বাংলাদেশের। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরা ৩৯ রানেই তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ৩ উইকেট। এরপর অ্যালিক আথানেজ (১৬*) ও কাভেম হজ (১০*) ২২ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। চতুর্থ দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজ শেষ করেছে ৩ উইকেটে ৬১ রান তুলে। দলটি এগিয়ে গেছে ২৪২ রানে।
এলবিডব্লুর আবেদনে বেঁচে গেলেও বেশিক্ষণ টিকতে পারলেন না মিকাইল লুই। প্রথম ইনিংসে ৯৭ রান করা ক্যারিবীয় ওপেনার এবার ফিরলেন ৮ রানে। তাসকিন আহমেদের বলেই উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিলেন লুই। রিভিউ নিলেও সফল হননি।
মিকাইল লুইয়ের পর কিসি কার্টিকেও ফেরালেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেসারের বলে তৃতীয় স্লিপে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ দিয়েছের ১ রান কার্টি।
তাসকিনের পর উইকেটশিকারে যোগ দিলেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার ফিরিয়েছেন ক্রেইগ ব্রাফেটকে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কও স্লিপে মাহমুদুল হাসানের ক্যাচ হয়েছেন। ২৩ রান করেছেন ব্রাফেট। ৩৯ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
