ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়া। ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত মাইক ওয়াল্টজের একটি সাক্ষাৎকারের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রত্যাশার কথা বলেছেন। গতকাল সোমবার পেসকভ বলেন, ট্রাম্পের ভবিষ্যৎ প্রশাসনের জন্য মনোনীতদের কাছ থেকে শান্তি পরিকল্পনার কথা শুনতে পাচ্ছি। কিন্তু বাইডেন প্রশাসনের কাছ থেকে এ ধরনের কোনো শব্দ শোনা যাচ্ছে না। বরং উসকানিমূলক পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে তারা। রবিবার যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে মাইক ওয়াল্টজ বলেন, ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ট্রাম্প। তিনি যুদ্ধটি দায়িত্বশীল উপায়ে শেষ করতে চান।
এদিকে, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরুর তুলনায় রাশিয়ার স্থলবাহিনী এখন আকারে অনেক বড়। তবে দীর্ঘ এই যুদ্ধের ফলে তাদের সক্ষমতার অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন ন্যাটোর এক শীর্ষ সামরিক কর্মকর্তা। গতকাল সোমবার ন্যাটোর সামরিক কমিটির সভাপতি ডাচ অ্যাডমিরাল রব বাউয়ার বলেছেন, রুশ বাহিনীর গুণগত মানের অবনতি হয়েছে।
