রাজধানীর গুলশানে দিনে দুপুরে আইয়ুব খান নামে এক আবাসন ব্যবসায়ীকে অপহরণের আট ঘণ্টা পর বনানী থেকে তাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা গ্রুপের ম্যানেজার ও ভুক্তভোগীর ব্যবসায়িক পার্টনার তানভীর সিদ্দিকী। তিনি বলেন, রাত সাড়ে আটটার দিকে তাকে বনানী থেকে উদ্ধার করা হয়েছে। সে এখন আমাদের কাছে আছে।
এর আগে দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে রাত ৭টা ২০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, ‘অপহরণের আগে ওই ব্যবসায়ীর গাড়িচালককে কয়েকজন ব্যক্তি জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর সেই ব্যবসায়ীকে নিয়ে তারই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এরপর থেকেই ওই গাড়িটি গুলশান, বনানীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে। আমরা একজন সন্দেহভাজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কারা কেন তাকে অপহরণ করেছে সেটা আমরা জানতে পারিনি।’
এর আগে বিকেলে আইয়ুব খানের ব্যবসায়িক অংশীদার তানজির রহমান বলেন, ব্যক্তিগত কাজে আইয়ুব খান মঙ্গলবার দুপুরে গুলশানে আসেন। কাজ শেষে ডিসিসি মার্কেটের সামনে নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়িচালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে বনানীর দিকে রওনা হয় তারা। তানজির বলেন, বিষয়টি জানাজানির পর পরিবারের লোকজন আইয়ুব খানের মোবাইলে ফোন করলে দুর্বৃত্তরা ফোন ধরে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
থমথমে চট্টগ্রাম