গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ দখলে থাকা বন বিভাগের ছয় একর জমি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেঞ্জের কাফিলাতলী গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে ফেরার সময় অভিযানকারীরা হামলার শিকার হয়েছেন। তারা হলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল ও উদ্ধারকাজে ব্যবহৃত এক্সকাভেটর চালক রাসেল আহম্মেদ। এ সময় হামলাকারীরা ইউএনওর গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, কাফিলাতলী এলাকায় দীর্ঘদিন ধরেই নানা কৌশলে বনের জমি দখল করে ঘরবাড়ি গড়ে তুলছিলেন এলাকাবাসী। এ ঘটনায় গতকাল বন বিভাগের সমন্বয়ে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে থাকা ছয় একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এ সময় ১১৮টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তারা আরও জানান, অভিযানের বিষয়টি জানিয়ে তিন দিন ধরেই মাইকিং করা হয়েছে। এরপরও অনেকে ঘরবাড়ি থেকে আসবাব সরিয়ে নেয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বন বিভাগের লোকজন র্যাব ও সেনাবাহিনী নিয়ে অভিযানে নামেন। এ সময় বাসিন্দারা তাদের ঘরবাড়ি ভাঙতে দেখে কান্না শুরু করে। অনেকে বাধাও দেন যেন ঘরবাড়ি না ভাঙা হয়। কিন্তু পাঁচ-ছয়টি ভেকু দিয়ে বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় যৌথ বাহিনীর হাতে দুজন আটক হয়।
বন বিভাগ সূত্র জানায়, উদ্ধার অভিযান শেষ করে ফেরার সময় ক্ষিপ্ত বাসিন্দারা উদ্ধারকারীদের ওপর হামলা চালান। এতে বেশ কজন আহত হন। তবে এ সময় যৌথ বাহিনীর সদস্যরা ছিলেন না।
জাহানারা খাতুন নামে এক নারী বলেন, ‘আমি দরিদ্র মানুষ। কোনো জমি না থাকায় এ খাসজমিতে ঘর তুলেছিলাম। আমাকে পথে বসিয়ে দিল। বনের লোকজনকে টাকা দিয়েও ঘরটা বাঁচানো গেল না।’
ঢাকা বন বিভাগের বন কর্মকর্তা (এসিএফ) শামসুল আরেফিন বলেন, ‘বনের জায়গায় কোনো অবৈধ স্থাপনা তৈরি করা যাবে না। এ অভিযান নিয়মিত চলবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দিনব্যাপী চলে অভিযান। সেনাবাহিনী, র্যাবসহ বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার অভিযানে ছিলেন। অভিযানের আগে মাইকিং করে বাসিন্দাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু অনেকেই তা নেয়নি। ফলে সেগুলো গুঁড়িয়ে দিতে হয়েছে। উদ্ধারকাজ শেষ করে ফেরার সময় আচমকা একদল গ্রামবাসী উদ্ধারকারীদের ওপর হামলা চালায়। এতে এসিল্যান্ড ও একজন চালক আহত হয়েছেন। হামলাকারীরা সরকারি গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
