যুক্তরাষ্ট্রের দূতাবাসে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিলেন খালেদা জিয়া

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অংশ হিসেবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ‘বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট’ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সে জন্য আজকে (গতকাল) তিনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিতে আমেরিকান এমবাসিতে গিয়েছিলেন।’

এর আগে আঙুলের ছাপ দিতে দুপুর সোয়া ২টার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া। ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর ৩টার দিকে তিনি আবার বাসায় ফেরেন।

দুপুর ২টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে পাজেরো জিপ যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রবেশ করে। এ সময় দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসনকে দূতাবাসে স্বাগত জানান। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন ছিলেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা হলেও তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে চিকিৎসকরা জানান।

এরই মধ্যে গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে যাবেন তিনি। এরই মধ্যে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অন্তত ১৬ জনের মতো ব্যক্তি সফরসঙ্গী হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত