পেস আক্রমণে বাংলাদেশকে হোয়াইটওয়াশের ঘোষণা উইন্ডিজের

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম

অ্যান্টিগা টেস্টে বিশাল পরাজয়ের পর বাংলাদেশ এখন জ্যামাইকা টেস্টের প্রস্তুতি নিচ্ছে। দলের যা অবস্থা, তাতে এই ম্যাচেও ভালো কিছু আশা করা কঠিন। তাছাড়া ক্যারবিয়ান পেস আক্রমণের সামনে মিরাজ-লিটনরা অসহায়। সফরকারীদের ১৮ উইকেটই নিয়েছেন পেসাররা। সেই পেস আক্রমণ দিয়েই সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগায় বাংলাদেশের সব উইকেটই নিয়েছিলেন ক্যারিবিয়ান পেসাররা। দুর্দান্ত ফর্মে থাকা তরুণ পেসার জেইডেন সিলস এই বছরে ছয় টেস্টে নিয়েছেন ৩০ উইকেট। এছাড়া অভিজ্ঞ কেমার রোচ, নির্ভরযোগ্য আলজারি জোসেফের সঙ্গে আছেন উঠতি তারকা শামার জোসেফ। দ্বিতীয় টেস্ট খেলার উদ্দেশ্যে জ্যামাইকায় গিয়ে ক্যারিবিয়ান সহ-অধিনায় জশুয়া ডিসিলভা জানান, তারা পেস আক্রমণেই ভরসা রাখবেন।

জশয়ার ভাষায়, ‘কেমার রোচ আর আলজারি জোসেফ পেস আক্রমণকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। শামার জোসেফের মতো নতুন মুখ আছে। জেইডেন সিলস বেশ কিছুদিন ধরে খেলছে, তবে এখনও সে শিখছে। সব মিলিয়ে আমাদের পেসাররা নিজেদের জানান দিচ্ছে। তারা যে ভীতি তৈরি করছে, ব্যাটসম্যানের চোখেই তা ফুটে উঠছে। এই সুবিধাটা কাজে লাগিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় আমাদের লক্ষ্য।’

তবে জ্যামাইকার উইকেট দেখার পর পেসার একজন কমানো হবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানালেন জশুয়া, ‘(স্পিনার নেওয়া হবে কি না) সেটা অধিনায়ক ও প্রধান কোচ জানেন। প্রথম টেস্টে চার পেসার কাজে দিয়েছে। পরের টেস্টে একাদশ যেমনই হোক, আমি নিশ্চিত যে আবারও কাজটা ঠিকঠাক করতে পারবে। মাঠে যারাই নামবে, সবাই নিজেদের সেরাটা দেবে। স্পিনার নেওয়ার প্রয়োজন হলে, নেওয়া হবে। তারপরও আমাদের পেস আক্রমণ প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারে।’

অ্যান্টিগায় প্রথম ইনিংসে সাড়ে চারশ রান করলেও ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের কবলে পড়ে। সমস্যাটি স্বীকার করে তরুণদের ওপর আস্থা রাখছেন জশুয়া, ‘আমাদের মিডল অর্ডারে বেশ কজন তরুণ আছে, যারা দশটির কম টেস্ট ম্যাচ খেলেছে বা মাত্রই এসেছে। আমাদের জন্য ব্যাপারটি হলো, আরও ধারাবাহিক হতে শেখা ও টানা তিনশ, চারশ রান করা। আমরা জানি যে, আমাদের বোলিং আক্রমণ উইকেট এনে দেবেই। ব্যাটসম্যানদের শুধু রান করতে হবে। তবে এটা নিয়ে দুর্ভাবনা নেই আমার। প্রতিভা আমাদের আছে। ছেলেদের স্রেফ পায়ের নিচে জমিন খুঁজে নিতে হবে এবং কাজটা করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত