আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

আশুলিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শনিবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকার কাজীর বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি মধ্য গাজীরচট এলাকার হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থাকতেন। নিহত ফয়সাল স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী মাজহারুল হকের অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করলেও ১৫ দিন আগে সেই চাকরি ছেড়ে দেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউনিক মহল্লার কাজী বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৮-৯ জনের একদল সন্ত্রাসী ফয়সালকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ফয়সালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটির সুরতহাল করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহতের পারিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ফয়সাল প্রায় ১৫ দিন আগে চাকরি ছেড়ে দেন। তবে কারো সাথে তার শত্রুতা ছিল কিনা সে বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারেনি।

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত