ব্যবসায়ীদের ওপর হামলায় শীর্ষ সংগঠনগুলোর উদ্বেগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ এএম

সম্প্রতি মাহমুদ জিন্স লিমিটেড কারখানার ডিএমডি রাফি মাহমুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। তারা বলছেন, এমন ঘটনা আগামীতে উদ্যোক্তাদের কেবল নিরুৎসাহিতই করবে না, ভবিষ্যতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তের ওপরও বিরূপ প্রভাব ফেলবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এমন উদ্বেগের কথা জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাওনা পরিশোধ নিয়ে কারখানা মালিকের ছেলে মো. রাফি মাহমুদ শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় শ্রমিক নামধারী কিছু উস্কানিদাতা, দুষ্কৃতকারী হঠাৎ করে তার ওপর আক্রমণ করে এবং আহত করে ফ্যাক্টরিতে নিয়ে আটকে রাখে। পরে টহলরত সেনাবাহিনী ও শিল্প পুলিশ ফ্যাক্টরিতে আটক থাকা মো. রাফি মাহমুদকে উদ্ধার করে।

শনিবার বিজিএমইএ, এফবিসিআই, বিকেএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের নেতাদের পক্ষ থেকে এ যৌথ বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে তারা বলেন, আমরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় স্বনামধন্য প্রতিষ্ঠান, মাহমুদ জিন্স কারখানায় শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতকারী কর্তৃক কারখানার ডিএমডি মো. রাফি মাহমুদের ওপর ন্যক্কারজনক অমানবিক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং রাফি মাহমুদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা মনে করি, এটি শুধুমাত্র ব্যক্তির ওপরই আঘাত নয়, বরং সমগ্র শিল্পের ওপর আঘাত। তারা আরও বলেন, উদ্যোক্তার ওপর এহেন আক্রমণ এই শিল্পের প্রত্যেকটি উদ্যোক্তা পরিবারকে হতবাক করেছে এবং এই ঘটনা আগামীতে উদ্যোক্তাদের কেবল নিরুৎসাহিতই করবে না, ভবিষ্যতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তের ওপরও বিরূপ প্রভাব ফেলবে। 

দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলছেন, ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত সব দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি প্রদান এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একইসঙ্গে দেশের রপ্তানির প্রধান খাত, পোশাক শিল্পসহ সব শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত