সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে ইরাকি যোদ্ধারা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ এএম

বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ায় প্রবেশ করেছে ইরান সমর্থিত ইরাকি যোদ্ধারা। সোমবার সিরিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিদ্রোহীদের দমন করতে রুশ বিমান বাহিনীর সহায়তায় ইরানের মিত্র আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরাক-সিরিয়া দুই দেশের কর্র্তৃপক্ষও। তবে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর  এখনই এই যুদ্ধে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো যাতে আসাদ সরকারে সহায়তায় এগিয়ে আসে, সেজন্য তেহরান প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিয়ে যাবে। সীমান্ত পারাপার এড়াতে একটি মাটির রাস্তা ব্যবহার করে সিরিয়ায় প্রবেশ করে অন্তত ৩০০ ইরাকি যোদ্ধা। এই যোদ্ধাদের বেশিরভাগই ইরাকের বাদর এবং নুজাবা গোষ্ঠীর সদস্য। একজন সিনিয়র সিরিয়ান সামরিক সূত্র জানিয়েছেন, বিমান হামলা এড়াতে যোদ্ধারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সীমান্ত অতিক্রম করেছে। তিনি বলেন, উত্তরের ফ্রন্ট লাইনে আমাদের সঙ্গীদের সহায়তার জন্য আরও নতুন সেনা পাঠানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত