ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে বিকাশ (মোবাইল ফোনে টাকা লেনদেনের মাধ্যম) ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার সফিপুর বাজারের অদূরে এ ঘটনায় ঘটে। আহত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৪৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সফিপুর বাজারের একটি দোকানে বিকাশ ব্যবসা করে আসছেন। সোমবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে ব্যাগভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সফিপুর-আন্দারমানিক সড়ক দিয়ে কিছুদূর যাওয়ার পর ওতপেতে থাকা পাঁচ-সাত ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার কাছ থেকে ১০ লাখ টাকাভর্তি ব্যাগ ও ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি প্রাইভেট কারে করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

ওই ব্যবসায়ীর ভাই শরিফ আহমেদ বলেন, ‘আমার ভাই তার বিকাশের দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকা, মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।’

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, একদল দুর্বৃত্ত বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত