রাজধানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

রাজধানীর কাপ্তান বাজারে আলামিন (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে কাপ্তান বাজার এরশাদ মার্কেটের ১ নাম্বার ভবনের নিচতলায় পকেট গেটের সামনে এই ঘটনা ঘটে। 

নিহত আলামিন পুরান কাপড়ের ব্যবসা করতেন। তিনি পরিবারের সাথে রাজধানীর নারিন্দা বসু বাজারে এলাকায় থাকতেন। তার বাবার নাম আব্দুল মান্নান। এই ঘটনায় তার ছোট দুই ভাই সুমন (২৫) ও নাহিদ (২৩) আহত হয়েছেন। 

হাসপাতালে আহত সুমন জানান, এরশাদ মার্কেটের পকেট গেটের সামনের ফুটপাতে পুরাতন কাপড় বিক্রি করেন আলামিন। পাশেই সুমন শরবত আর নাহিদ ভেষজ ওষুধ বিক্রি করেন। বেশ কয়েক মাস আগে ওয়ারী থেকে আসা কয়েকজন যুবক তাদের দোকানের সামনে মোটরসাইকেল রাখা কেন্দ্র করে তাদের সাথে ঝগড়া হয়। এর জের ধরেই আজকে ১০-১২ জন দোকানের সামনে এসে সুমনকে মারধর করতে থাকে। 

এই দৃশ্য দেখে তার বড় ভাই আলামিন বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন তাদের ছোট ভাই নাহিদ। পরে আলামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত