রুশ পররাষ্ট্রমন্ত্রী

পরাজয় ঠেকাতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত মস্কো

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

ইউক্রেন যুদ্ধে ‘কৌশলগত পরাজয়’ ঠেকাতে যেকোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে সম্প্রতি রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার পশ্চিমাদের বোঝাতে চেয়েছে— পরাজয় ঠেকাতে মস্কো ‘যেকোনো উপায়’ ব্যবহার করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সম্প্রচারিত সাক্ষাৎকারে ল্যাভরভ এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, আমরা আমাদের বৈধ নিরাপত্তা স্বার্থের জন্য লড়াই করছি। পশ্চিমারা বিশ্বে তাদের আধিপত্য বজায় রাখার জন্য লড়াই করছে।

তিনি বলেন, মস্কো যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কিন্তু আমরা রাশিয়ার বৈধ নিরাপত্তা স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকে দৃঢ়ভাবে পছন্দ করি।

সম্প্রতি পেন্টাগন এবং ন্যাটোর কিছু কর্মকর্তা রাশিয়ার ওপর সীমিত পরিসরে সম্ভাব্য পারমাণবিক হামলার বিষয়ে মন্তব্য করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ল্যাভরভ। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপ উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

রাশিয়া পরিস্থিতির অবনতি ঘটাতে চায় না উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ও তার অংশীদারদের সঙ্গে ‘কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে চায় রাশিয়া। ল্যাভরভ সতর্ক করে বলেন, ‘তারা উপসংহারে না এলে আমরা অতিরিক্ত বার্তা পাঠাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত