নোয়াখালীতে শিক্ষকের বাড়িতে হামলা আগুন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ এএম

নোয়াখালীর সদর উপজেলায় এক স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম মো. আব্দুস শহীদ (৫২)। তিনি উপজেলার উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত মাহবুবুর রহমান রাসেল (৩০) হামলার শিকার শিক্ষকের চাচাতো ভাই।

ভুক্তভোগী শিক্ষকের ভাগনে মো. মাহমুদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শহীদ মাস্টারের বাড়িতে হামলা চালায় ১০-১৫ যুবক। একপর্যায়ে হামলাকারীরা আমার মামি জান্নাতুল ফেরদাউস (৪০) ও তার ছেলের স্ত্রী জুলফা আক্তারকে (২০) গাছের সঙ্গে বেঁধে বসতঘরে ভাঙচুর ও লুট চালায়। এ সময় আমার মামা বাধা দিতে চাইলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সন্ত্রাসীদের দেওয়া আগুনে পুরো রান্নাঘর এবং বসতঘরেরও একাংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে হামলাকারীদের ধাওয়া দেন। ওই সময় রাসেল নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে রাসেল এই ঘটনা ঘটায়।’

গণপিটুনির শিকার রাসেল এবং হামলায় আহত আব্দুস শহীদ নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

তবে রাসেলের স্বজনরা এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত নন।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত