ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের প্রত্যয় শোনা গিয়েছিল জাহানারা আলমের কণ্ঠে। তবে তিনি কথা রাখতে পারেননি। রেকর্ডে রাঙিয়ে দাপুটে ওয়ানডে সিরিজ জয়ের পর যেন ছন্দ হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে তারা আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে টি-টোয়েন্টি সিরিজটা। আগের ম্যাচে পাহাড়সম সংগ্রহ থাকলেও আজ ছিল মাঝারি লক্ষ্য। সেটা তাড়ায় নেমে ১০০ রানের আগেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
সিরিজে ফেরার ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩৪ রানে আইরিশদের থামিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। ১৩৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে গেছে তারা। আইরিশরা পেয়েছে ৪৭ রানের জয়। সঙ্গে টানা দুই ম্যাচ জিতে সিরিজটাও করে নিয়েছে নিজেদের।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন সুপ্তা। যদিও তিনি বল খেলেছেন ৪৩টি। তার ব্যাট থেকে এসেছে কেবল একটি চার। এছাড়া ২১ বলে ২০ রান করে আউট হন স্বর্ণা আক্তার। আগের দিনের দুই রেকর্ড জুটির ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি আজ ছিলেন অচেনা রূপে। দিলারা ১০ বলে ১০ করলেও সোবহানা ৫ বলে ১ করে ফিরে গেছেন। বাংলাদেশের এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অংকের রান করতে পারেননি।
আয়ারল্যান্ডের হয়ে ওর্লা প্রেন্ডারগাস্ট মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তাতে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। আর্লেন কেলি ও লরা ডেলনি নিয়েছেন দুটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে আয়ারল্যান্ড ওভারপ্রতি ৬ রান করেই স্কোরবোর্ডে জমা করছিলেন দুই ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। গ্যাবি অবশ্য খানিক ধীরগতিরই ছিলেন। ১৪ রান করতে গিয়ে খেলেছিলেন বেশ অনেকটা ডটবল। কিছুটা গতি বাড়াতে গিয়েই নাহিদা আক্তারের বলে দিয়েছেন ক্যাচ। দিলারার দুর্দান্ত রিফ্লেক্সের কারণেই সাজঘরে ফিরতে হয় আইরিশ অধিনায়ককে।
অ্যামি হান্টারও খানিক পরেই ফেরেন। ২৩ বলে ২৩ রান করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন তিনি। তবে ওরলা প্রেডেনগ্রাস্টই ছিলেন আজকের বড় স্কোরার। ২৫ বলে ৩২ রানের কার্যকরী একটা ইনিংস আসে ওয়ানডাউনে নামা এই ব্যাটারের কাছ থেকে। প্রেডেনগ্রাস্ট ফিরিয়ে আইরিশদের লাগাম টেনে ধরেন নাহিদা। আর অ্যামির উইকেট পেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস।
১৩তম ওভার থেকেই খানিক ধীর হয়ে পড়ে আইরিশদের রানের গতি। একের পর এক ডট বল খেলেছেন ক্রিজে থাকা ব্যাটাররা। শেষ পর্যন্ত বড় স্কোর আর করা হয়নি তাদের। ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানেই থেমে যায় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী নাহিদা। ২০ রান খরচায় ২ উইকেট তার। ১টি করে উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস, ফাহিমা এবং জাহানারা আলম।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৫ (ডেলানি ৩৫, প্রেন্ডাারগাস্ট ৩২, হান্টার ২৩; নাহিদা ২/২০, জাহানারা ১/২৫, জান্নাতুল ১/২৯, ফাহিমা ১/৩২)।
বাংলাদেশ: ১৭.১ ওভারে ৮৭ (শারমিন ৩৮, স্বর্ণা ২০, দিলারা ১০; প্রেন্ডারগাস্ট ৩/১৩, কেলি ২/১০, ডেলানি ২/১৬)।
ফল: আয়ারল্যান্ড ৪৭ রানে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে আয়ারল্যান্ড ২-০ তে এগিয়ে।
এক গোলে দুইয়ে দুই আবাহনী
ইতিহাসের অষ্টম বোলার হিসেবে অ্যাটকিনসনের ‘পারফেক্ট হ্যাটট্রিক’
সিরাজের ‘১৮১.৬ কিলোমিটার’ গতির বল নিয়ে হইচই, হাসাহাসি