লিওনেল মেসি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের নাম শুনলে ফুটবলের দুনিয়ায় ঝড় ওঠে। তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা গেল আর্জেন্টিনা ও ব্রাজিলকে। ফুটবলের দুই পরাশক্তি এবার ব্যাট-বলের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ২২ গজে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বে নিজেদের ম্যাচে ভিন্ন ফল দেখল এই দুই দল। ব্রাজিল তুলে নিল জয়, আর আর্জেন্টিনা হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ল।
রোববার বুয়েনস আইরেসের হার্লিংহাম ক্লাব গ্রাউন্ডে সুরিনামের মুখোমুখি হয় ব্রাজিল। আগে ব্যাট করে সুরিনাম ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১০১ রান। জবাবে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ব্রাজিল। টানা দুই ম্যাচ হারের পর এই জয়টি ব্রাজিলের জন্য স্বস্তি বয়ে আনে।
এর আগে, প্রথম ম্যাচে বাহামাসের কাছে ২৬ রানে এবং দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ৪৭ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। বিশেষ করে মেক্সিকোর বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে লজ্জাজনক পরাজয় বরণ করে দলটি।
অন্যদিকে, একই দিনে বাহামাসের বিপক্ষে ১৮ রানের ব্যবধানে হেরে যায় স্বাগতিক আর্জেন্টিনা। আগে ব্যাট করে বাহামাস তোলে ১১৯ রান। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রানেই থেমে যায় আর্জেন্টিনার ইনিংস। আর্জেন্টিনার জন্য টুর্নামেন্টের শুরুটাও ছিল মিশ্র। প্রথম ম্যাচে বারমুডার বিপক্ষে টস ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে বেলিজকে ৫ রানে হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা।
বুয়েনস আইরেসে অনুষ্ঠিত এই বাছাইপর্বে অংশ নিচ্ছে ৯টি দল। শীর্ষ তিনটি দল পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্রিকেট ঐতিহ্য খুবই সীমিত। ২০১৮ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা পেলেও, এই খেলাটি এখনো দেশ দুটিতে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
ফুটবলের দাপুটে দুটি দেশ এবার ক্রিকেট মাঠেও নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তবে সাফল্যের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং আরো সুযোগ-সুবিধার দরকার হবে। তবু তাদের এই লড়াই ক্রিকেটের প্রতি নতুন আকর্ষণ তৈরি করছে, যা দুই দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে পারে।
সিলেটের আরেক সম্ভাবনাময়ী পেসার ইমন
নিজেকে ফিরে পেতে গোলাপি টেস্ট শেষেই নেটে কোহলি