ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের নাগারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগি গ্রামের মরহুম সেন্টু মাতুব্বরের ছেলে শাওন (২৫) ও নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আশফরদি গ্রামের হাবিব সরদারের ছেলে তাজিম (২০)। তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু।
স্থানীয়ভাবে জানা যায়, মুনসুরাবাদ এলাকা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পেট্রোল কেনার জন্য ‘জয়বাংলা’ পেট্রোল পাম্পে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তাজিম সরদার নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাওন ও খালিদকে ভাঙ্গা উপজেলায স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাওন মারা যান। খালিদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এসআই আব্দুল্লাহেল বাকী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ধৈর্যের পুরস্কার জান্নাত
ইউনের দেশত্যাগে নিষেধাজ্ঞা