বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বেলাব ও শিবপুর পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়া।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সোমবার রাত ২টায় বেলাব বাজার সংলগ্ন অপুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ঘর থেকে ১৭ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়। আর গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে শিবপুর থানা পুলিশ।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, বেলাব পুলিশের সহযোগীতায় রাতে অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের মামলায় মো. ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত