বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের চট্টগ্রামের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৫৭/এ 'এস আল হাউস' এর সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার প্রায় ১০০ কর্মকর্তা।
এ সময় মানবন্ধনে ব্যাংকের অনেক কর্মকর্তাদের আড়ালে থাকতে দেখা যায়। অনেকে গণমাধ্যমে বক্তব্য দিতেও অপারগতা জানান।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা বলেন, গ্রাহকদের থেকে ডিপোজিট নেওয়া টাকা নিয়ে আমরা সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগ দিয়ে থাকি এবং সময়ে সময়ে সেগুলো আদায় করে থাকি। কিন্তু বিগত সময় গুলোতে বিনিয়োগের টাকা গুলো ব্যাংকে ফেরত না আসায় আমরা সংকটে পড়ি এবং গ্রাহকদের টাকা দিতে পারিনি। তাই প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা চট্টগ্রাম অঞ্চলের কর্মরত সকলে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমের বাসার সামনে টাকা ফেরতের জন্য বিক্ষোভ করতে দাঁড়িয়েছি।
বিনিয়োগের সময় যাচাই-বাছাই ছাড়া বিনিয়োগ করা প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি অনুকূলে না থাকায় তখন যাচাই করে বিনিয়োগ করা সম্ভব হয়নি। ম্যানেজার কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে যাচাই-বাছাই করার সুযোগ ছিল না।’
আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেইন চৌধুরী বলেন, ‘ব্যাংক তো ডিপোজিট এবং বিনিয়োগের কাজ করে। আমাদের ডিপোজিটের একটা বড় অংশ আমরা বিনিয়োগ করে ফেলেছি। আমাদের এক্স চেয়ারম্যান স্যারের প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কাছে আমাদের ব্যাংকের একটা বড় বিনিয়োগ আছে। সেটা আদায়ে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে অবস্থান নিয়েছি।’
জানা গেছে, পুরো বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ করা হয় ৩৫ হাজার কোটি টাকা।
সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র!
আমি দেশদ্রোহী হলে প্রধানমন্ত্রীর স্ত্রীও বিশ্বাসঘাতক: মাহাথির