বিপিএল প্রস্তুতির মঞ্চে এনসিএল টি-টোয়েন্টি ফিরল ১৩ বছর পর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

১৩ বছর পর আবারও ফিরছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। আগামীকাল থেকে সিলেটে শুরু হবে আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট। ২০১০ সালের পর দ্বিতীয়বার আয়োজিত হতে যাওয়া এই আসর বিপিএল-২০২৪-কে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুতির এক দারুণ সুযোগ করে দিচ্ছে।

জাতীয় লিগের নতুন সংস্করণ নিয়ে রোমাঞ্চিত ক্রিকেটাররা। খুলনার প্রতিনিধি জিয়াউর রহমান বলেন, ‘বিপিএলের প্রস্তুতিতে এনসিএল টি-টোয়েন্টি দারুণ কাজে দেবে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আরও বেশি হওয়া উচিত।’ রংপুরের অধিনায়ক আকবর আলীও একমত, ‘এবার সাদা বলে প্রস্তুতির ভালো সুযোগ পাওয়া যাবে। বিপিএলে খেলার আগে এই টুর্নামেন্ট খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে।’

টুর্নামেন্টের বড় আকর্ষণ তামিম ইকবালের অংশগ্রহণ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম চট্টগ্রামের হয়ে খেলবেন। তামিমের উপস্থিতি নিয়ে চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী বলেন, ‘তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় থাকা দলের জন্য অনুপ্রেরণাদায়ক। তরুণ ক্রিকেটাররা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখবে।’

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এবং এর পাশের আউটার স্টেডিয়ামে। প্রতিদিন চারটি ম্যাচ হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল প্লে-অফে জায়গা পাবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এনসিএল টি-টোয়েন্টির মাধ্যমে একদিকে যেমন বিপিএলের প্রস্তুতি, অন্যদিকে ঘরোয়া ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণ করার মঞ্চ। তরুণ থেকে অভিজ্ঞ সবাই এই টুর্নামেন্টে সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত