আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ১৫ কারখানা ছুটি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

সাভারের আশুলিয়ায় ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কর্মবিরতি পালন করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (১০ ডিসেম্বর) শিল্পাঞ্চলের অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পেরোলেও শ্রমিকরা কাজে যোগদান না করায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। 

এ সময় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার দাবি জানিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের অবস্থান নেয়ার চেষ্টা করে। পরে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা বিষয়টি জানতে পেরে শ্রমিকদেরকে সড়ক থেকে সড়িয়ে দেন।

শিল্প পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে কারখানাগুলোর শ্রমিকরা ১৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২৫ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে কর্মবিরতি পালন করে। এ সময় তারা কর্তৃপক্ষের ছুটি ব্যতীত ফ্যাক্টরি থেকে বের হয়ে যায় এবং স্টাফদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি কারখানায় উৎপাদন বন্ধ রাখায় মালিকপক্ষ ১০ ডিসেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় ৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ লাগিয়ে দেয়।

শ্রমিক নেতা ইব্রাহিম বলেন, শ্রমিকদের দাবির মুখে সরকার ১৫ শতাংশের জায়গায় ৯ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এরপরও কেন শ্রমিকরা আন্দোলন করছে এটি আসলে আমরাও বুঝতে পারছি না। একেবারেতো সবকিছু চাইলেই পাওয়া যায় না। মালিকদের বিষয়গুলোও ভাবতে হবে। তাই যে দাবি মানা হয়েছে সেটি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানান তিনি। 

আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বাৎসরিক ছুটির টাকা, বকেয়া বেতন পরিশোধ ও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় অন্তত ১৫টি কারখনায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাড়িতে চলে যাওয়ায় কোথাও কোনোঅপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত