বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার দুটি ও বগুড়ার একটি হত্যা মামলায় মাদারীপুরের শিবচরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে গ্রেপ্তার হয়েছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবর। মাদারীপুর জেলা ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক। এ সময় মাদারীপুর জেলা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংঘটিত তিনটি হত্যা মামলায় আতিক মাদবর এজাহারভুক্ত আসামি। এ ছাড়া শিবচর থানায় গত ১৭ অক্টোবর করা একটি মারামারি মামলায় আতিক প্রধান আসামি।
শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিক মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকের বিরুদ্ধে তিনটি হত্যা ও মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে। তাকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
