লক্ষ্মীপুরে ফের বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ এএম

লক্ষ্মীপুর শহরের গ্রিন লিফ ফিলিং স্টেশনে দুই মাসের ব্যবধানে আবারও বাসের সিলিন্ডারে গ্যাস ভরার (রিফিল) সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসটির দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার ভোরে পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনটিতে আল মদিনা নামে একটি লোকাল বাসে গ্যাস রিফিলের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবুল কালাম ও মো. রুবেল। তাদের মধ্যে কালাম পেশায় রঙমিস্ত্রি এবং পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আর নিহত রুবেল দুর্ঘটনার শিকার আল মদিনা বাসের চালক ছিলেন। তিনি জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরসীতা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। আহত দুজন হলেন নাইম ও আবুল হোসেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার এবং জেলার পুলিশ সুপার (এসপি)  মো. আকতার হোসেন।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার দেশ রূপান্তরকে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা আলম ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত