নাটোরের বাগাতিপাড়ায় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমানকে ব্যতিক্রমী এই বিদায় দেয়া হয়।
প্রধান শিক্ষকের আনুষ্ঠানিক এই বিদায় উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাগাতিপাড়া সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশিদ সোনা, শিক্ষক রাজিব হোসেন, ছাত্রীদের মধ্যে মাইশা, মালিহা মাহিম এবং মাহিমা খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শতশত বর্তমান এবং সাবেক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও জানা যায়, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে দেয়া হয় ১ লাখ ৯৮ হাজার টাকার চেক এবং বিভিন্ন উপহার সামগ্রী। পরে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
শিক্ষক রাজিব হোসেন বলেন, তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হওয়ায় সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের আশা ছিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায় দেওয়া। তাই ঘোড়ার গাড়িতে করে ব্যতিক্রমী এই বিদায়ের আয়োজন করা হয়।
বিদায়ী প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান বলেন, বড় কষ্টের সময় হলেও আজ আমার অনেক ভালো লাগছে। মাত্র তিনজন ছাত্রী নিয়ে শুরু করে আজকে প্রতিষ্ঠানে প্রায় ৪০০ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই আজকে দেশের বড়ো জায়গায় কর্মরত রয়েছে। শেষে তিনি কান্না জনিত কণ্ঠে বাকি জীবনের জন্য সকলের নিকট দোয়া চান।
ভারত বাংলাদেশের সঙ্গে নয়, শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্ব চায়: প্রিন্স
বিএনপির নেতৃত্ব দিতে হলে পরীক্ষায় পাস করতে হবে: ডা.জাহিদ