বিয়ে করলেন কীর্তি সুরেশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ এএম

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি তাত্তিলের সঙ্গে গোয়ায় এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের ১৫ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল।

বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই ভক্ত এবং সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভরে যায় তাদের পোস্ট।

এই বিশেষ দিনে ‘মাহানাতি’ খ্যাত কীর্তি সুরেশ পরেছিলেন ঐতিহ্যবাহী শাড়ি, আর অ্যান্টনি তাত্তিল পরেছিলেন একটি ধুতি। বিয়ের একটি ছবিতে দেখা যায়, আগুনের সামনে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শুনছেন নবদম্পতি। প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।

জানা গেছে, গতকাল হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কীর্তি-অ্যান্টনি। আজ খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল।

বিয়ের পর কীর্তি ও অ্যান্টনি রোমান্টিক ভঙ্গিতে পোজ দেন এবং তাদের প্রিয় পোষা কুকুর, নাইকের সঙ্গেও ছবি তোলেন। তাদের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে ছিল, পোষ্যের প্রতি ভালোবাসার নিদর্শন। বিয়ের এই ছবি প্রকাশের পরই হংসিকা মোতওয়ানি, রাশি খান্নাসহ অনেক তারকা শুভেচ্ছা জানান।

বিয়ের আগে কীর্তির এক বন্ধুর শেয়ার করা বোর্ডিং পাস এবং পরে তাদের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিয়ের আমন্ত্রণপত্রে কীর্তির বাবা-মা, জি সুরেশ কুমার এবং মেনকা সুরেশ কুমার, শুভানুধ্যায়ীদের আশীর্বাদ কামনা করে লেখেন, ‘আমাদের কন্যার বিয়ে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আমরা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করছি, যাতে তারা নতুন জীবনের যাত্রা সুন্দরভাবে শুরু করতে পারে।’

২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরও তিনটি সিনেমার কাজ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত