অপেক্ষার পালা শেষ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ এএম

দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ার তার, প্রতিবারই এমন প্রশ্ন শুনতে হয়েছে তাকে যে, কবে সিনেমায় দেখা যাবে! এরপর চলতি বছরে নিজের জন্মদিনে সিনেমার ঘোষণা দেন জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জানান, নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’র কথা। ইতিমধ্যে বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

এই মাসেই বড় পর্দায় অর্থাৎ দেশের প্রেক্ষাগৃহে দেখা দিতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। তবে ‘সাবা’ নয়, বড় পর্দায় তার অভিষেক ঘটতে যাচ্ছে দ্বিতীয় সিনেমা দিয়ে। আগামী ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক। শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ অভিনেত্রীর দ্বিতীয় ছবি হলেও মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’র আগে! এরই মধ্যে ‘প্রিয় মালতী’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদও পেয়েছে! বোর্ড সদস্যরা ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন ‘প্রিয় মালতী’কে। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত।

‘প্রিয় মালতী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যাবে নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।

ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ডস, সহপ্রযোজনায় রয়েছে মেহজাবীন চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত