মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যে দেড় সপ্তাহ সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম যে বক্তব্যে দিয়েছেন, তা ‘রাজনীতিবিরোধী’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি জানি না, আসলে উনি কী উদ্দেশে, কেন এটা বলেছেন। কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতিবিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এ ধরনের বক্তব্য রাখবেন। কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। এই সমর্থনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্যই আমরা কাজ করছি ১৫ বছর ধরে। আমরা সংগ্রাম, লড়াই করেছি, এটা উনি কী উদ্দেশে, কেন বলেছেন, আমি জানি না।’

লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) কাছ থেকে কী বার্তা নিয়ে এসেছেন এমন আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা হচ্ছে, আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ, ফটক, সেই ফটক নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

বিএনপির লংমার্চ কর্মসূচি সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সংকট, সেটির সমাধান কীভাবে হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে। এগোচ্ছে তো।’

বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা নাকচ করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। আমরা দুই বছর আগে সংস্কারের কথা বলেছি, ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারও আগে ২০১৬ সালে আমরা ভিশন ২০২৩ দিয়েছিলাম। আমরা এখনো বলছি, ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে। এই জন্য বাংলাদেশে যেসব সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং।’

গত ১ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম লন্ডন যান। এই সফরে তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে ছিলেন। লন্ডনে স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান। লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কয়েক দফা একান্ত বৈঠক করেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

এই সফর কেমন হয়েছে, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘যে উদ্দেশে তিনি লন্ডনে গিয়েছিলেন, তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। সফর ফলপ্রসূ হয়েছে।’

বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানান বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত