নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধী চা দোকানি আব্বাস আলী ম-লের (৭৭) হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে। গত বুধবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সান্ন্যালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে।
চা দোকানি আব্বাস আলী জানান, গত বুধবার রাত ৮টার দিকে বন্ধু-বান্ধবসহ বিদ্যুৎ তার দোকানে এসে চা-বিস্কুট খান। পরে পাওনা টাকা চাওয়ায় বিদ্যুৎ তার ওপর চড়াও হন। একপর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেন ও বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী কলাবাড়িয়া এলাকার বাবলু শেখ বলেন, ‘টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে কেটলির গরম পানি চা দোকানি আব্বাস আলীর হাতে ছুড়ে মারলে তার হাত ঝলসে যায়।’
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ জানান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
