হাসান আরিফ বললেন

মানুষের সাংস্কৃতিক বোধ কেড়ে নিতে পারে না যন্ত্র

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ এএম

যন্ত্র কখনই মানুষের সাংস্কৃতিক বোধ ও চেতনাকে কেড়ে নিতে পারে না বলে মনে করেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি বলেন, ‘রোবট আমাদের সহায়তা করে। আমাদের সাহায্য করে, সময় বাঁচায়। কাজকে সহজ করে দেয়। কিন্তু মানুষের সাংস্কৃতিক যে বোধ, সাংস্কৃতিক যে চেতনা, সেটা কোনোভাবে কোনো যন্ত্র কেড়ে নিতে পারে না।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে চার দিনব্যাপী টেস্ট অব বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিমান ও পর্যটন উপদেষ্টা।

এএফ হাসান আরিফ বলেন, ‘আমাদের স্থানীয় যে রন্ধন শিল্পগুলো রয়েছে সেগুলোর ইতিহাস, ব্যাপ্তি ও পেছনের গল্প রয়েছে। সেখান থেকে নতুন করে সরে এগিয়ে যাওয়া। স্থানীয় রন্ধন শিল্পকে আমি প্রশংসা করি। আমাদর এই রন্ধন শিল্প আছে ও আগামীতেও থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটু রোবোটিক জগতে আতঙ্কিত হই। দুশ্চিন্তাগ্রস্ত হই। আমাদের যে কৃষ্টি, ঐতিহ্য সেগুলো কি ধরে রাখতে পারব! কিন্তু তারা (আয়োজকরা) দেখিয়েছেন গ্রামে-গঞ্জে রোবট তাদের রোবোটিক করে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা। আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত