ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই শান্তর ব্যাটিং তাণ্ডব

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

আফগানিস্তান সিরিজে পাওয়া চোট থেকে সেরে উঠেছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগে তিনি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে ফিরলেন। আজ শনিবার বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে হাঁকিয়েছেন বিধ্বংসী ফিফটি।

সিলেটের একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৪ রান তুলেছে রাজশাহী। এতে বড় অবদান অধিনায়ক শান্তর। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৫৪ বলে ৫ চার এবং ৪ ছক্কায় ৮০ রানের ইনিংস। স্ট্রাইকরেট ১৪৮.১৫। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানের সঙ্গে তার ৯.৫ ওভার স্থায়ী ওপেনিং জুটিতে এসেছে ৮৯ রান। হাবিবুর খেলেছেন ৩৩ বলে ১ চার ৫ ছক্কায় ৪৭ রানের ইনিংস।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শান্ত সর্বশেষ মাঠে নেমেছিলেন গত ৯ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ওই ম্যাচে তিনি ৭৬ রানের একটা ইনিংস খেলেছিলেন। তবে চোটের কারণে শেষ ওয়ানডে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ থেকে তিনি ছিটকে যান। তার জায়গায় টেস্ট আর ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ; টি-টোয়েন্টিতে দেবেন লিটন দাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত