নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মহান বিজয় দিবসে প্রশাসনের সিদ্ধান্তে বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা না জানিয়ে উপজেলা চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে মোগরাপাড়া ইউনিয়নের শহীদ মজনু পার্কে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয় বিজয়স্তম্ভ। এরপর থেকে বিজয় ও স্বাধীনতা দিবসে এখানেই পুষ্পস্তবক অর্পণ করা হতো। কিন্তু আওয়ামী লীগ সরকার এটি নির্মাণ করায় এ বছর রাজনৈতিক দলগুলোর বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে আপত্তি জানায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি ঘোষণা করে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, এটি ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে, তাই সেখানে বিএনপি ফুল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, রাজনৈতিক নেতারা চাননি, তাই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। সব দিক বিবেচনা করে শহীদ মিনারে ফুল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
