নরসিংদীতে দুদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের পৌরপার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। মহান বিজয় দিবস উপলক্ষে দুদিনব্যাপী মেলায় ৫০টি স্টলে নরসিংদীতে উৎপাদিত বিভিন্ন দেশীয় তৈরি পণ্যের প্রদর্শনী করা হয়। এ সময় মেলায় স্টলগুলোতে বিভিন্ন পণ্য কিনতে ভিড় জমান দর্শনার্থীরা। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, ‘এবারই প্রথম দেশের সব জেলা ও উপজেলায় বিজয় মেলা উদযাপিত হচ্ছে। এই মেলায় জেলার যত উদ্যোক্তা আছেন তাদের পণ্য প্রদর্শন করার আহ্বান জানানো হয়েছে। উদ্যোক্তারা পণ্য প্রদর্শনের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করবেন। এর মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতিকে প্রমোট করা হবে।’
