বসুন্ধরা কিংসকে চমকে দিলো ফর্টিস

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

লিগে মোহামেডানের কাছে হেরে গিয়েছিল গত কয়েকবছরে ঘরোয়া ফুটবলের সফলতম দল বসুন্ধরা কিংস। আজ ফেডারেশন কাপে ফর্টিসের কাছে ফেডারেশন কাপের ম্যাচে হেরে গেছে। ০-২ গোলে হেরেছে তাও আবার নিজেদেরই মাঠে। দেশসেরা ক্লাবকে প্রথমবারের মতো হারের লজ্জা দেয়ার পর ফর্টিসরা অনেকটা 'শিরোপা জয়ের' আনন্দে মেতেছে কিংস অ্যারেনায়। 

ম্যাচের প্রথমার্ধে কিংস যাও বা সুযোগ পেয়েছে তা থেকে গোল করতে পারেনি। তাদের স্ট্রাইকার ফ্রান্সের জারেদ খাসা নেই। অন্য যারা ছিলেন তারা ফর্টিসের জাল ভেদ করতে পারেননি।

বিরতির পর ফর্টিস আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচের ৪৭ মিনিটে পিয়াস আহমেদ নোভার সামনে সুযোগ ছিল। কিন্তু পোস্টের সামনে ঠিকঠাক জায়গা করে নিতে না পারায় বলের নাগাল পাননি। ৭২ মিনিটে প্রথম গোল পায়। ভ্যালেরি রিসেনের কর্নারে ৬ গজের প্রান্তে থেকে লাফিয়ে উঠে উজবেকিস্তানের জাসুর জুমায়েভ গোল করে এগিয়ে দেন ফর্টিসকে। 

৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। নোভার পাসে বক্সে ঢুকে মোহাম্মদ আব্দুল্লাহ বাঁ দিক থেকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জড়ান। এরপর আরও দুটি প্রচেষ্টা থেকে গোল করতে ব্যর্থ হয় ফর্টিসের।

প্রথম ম্যাচে পুলিশের সঙ্গে ড্র করা ফর্টিস আজকের জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো। তিন পয়েন্ট বসুন্ধরা কিংসের। তবে ব্রাদার্সের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে তারা। ব্রাদার্স আজ ৮-০ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। সাজ্জাদ হোসেন ও সেনেগালিজ মোস্তফা দ্রামেহ হ্যাটট্রিক করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত