চসিকের আলোচিত প্রকৌশলী ঝুলন অপসারিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নগরীতে সড়কবাতি নিভিয়ে রাখার অভিযোগে অভিযুক্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী ঝুলন কুমার দাশকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। 

চসিক সূত্র জানায়, ঝুলন দাশের অপসারণ সংক্রান্ত অফিস আদেশে গত ১৫ ডিসেম্বর স্বাক্ষর করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। 

আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাশকে সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯, এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চসিকের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছিলেন ঝুলন দাশ। আন্দোলন চলাকালে ৩ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত তার নির্দেশে নগরীর সড়কবাতি নিভিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত ১৩ আগস্ট তার শাস্তির দাবিতে সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করা হয়। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করে চসিক। ওই অবস্থায় ২৬ সেপ্টেম্বর তাকে রংপুর বদলি করা হয়। গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে পুনরায় রংপুর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত