তনুর গ্রাফিতির ওপর মেহজাবিনের পোস্টার, নিন্দা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার লাগিয়েছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এরপরই নিন্দার ঝড় উঠেছে ঢাবিতে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) টিএসসিতে চলচ্চিত্রের প্রমোশনের অংশ হিসেবে পোস্টারিং কার্যক্রমের জন্য আসেন প্রিয় মালতি চলচ্চিত্রের পরিচালক শঙ্খদাস গুপ্ত ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

ফেসবুকে তালহা জুবায়ের সিয়াম নামে একজন মন্তব্য করেন- এরাই নাকি সারাদিন ফেমিনিজমের গালগল্প করে। কিন্তু বোন তনুর ওপর যেই নির্যাতন হয়েছে সেইটা জানে না। মেহজাবিনের নিজে এসে এটা উঠানো লাগবে। না হলে তাকেও সোশালি বয়কটের ডাক দিতে হবে।

সমন্বয়ক রিফাত রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবিন চৌধুরী? কার গ্রাফিতির ওপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কালচারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি? অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান।

সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস সংলগ্ন একটি ঝোঁপে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত