কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সভপতি খুন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

রাজধানীর মতিঝিলে কর্মচারীদের সংগঠনের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মারধর আব্দুল হালিম (৬৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়েজ ইউনিয়নের সভপতি ছিলেন।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সহকর্মীরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হালিমের ছেলে এ জেড এম ফয়সাল খান জানান, তাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা গ্রামে। তার বাবা বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ছিলেন। গত মঙ্গলবার তার বাবা গ্রাম থেকে ঢাকায় আসেন। বুধবার জানতে পারি কে বা কারা তার বাবাকে মারধর করছে। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ পাই।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতের সহকর্মী ও ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী বলেন, আব্দুল হালিম বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন। ২০২০ সালে তিনি অবসরে যান। তবে ইউনিয়ন নিয়ে ব্যাংকের অন্য সহকর্মীর সঙ্গে তার ঝামেলা চলছিল। অক্টোবর মাসে ব্যাংকের বার্তা বাহক ফয়েজ ও ক্যাশিয়ার মিরাজ মতিঝিলের ইউনিয়ন অফিস থেকে হালিমকে বের করে তারা নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে সংগঠন দখল করেন। এ ঘটনায় মতিঝিল থানায় ফয়েজ ও মিরাজের বিরুদ্ধে জিডি করেন।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার দিকে মতিঝিল বিমান অফিসের সামনের গলিতে তারা কয়েকজন সহকর্মী চায়ের দোকানে ছিলেন। এ সময় ফয়েজ, মিরাজসহ সাত থেকে আটজন সেখানে এসে তর্কে জড়ান। এক পর্যায়ে হালিমকে কিলঘুষি মারতে শুরু করেন। এতে হালিম অচেতন হয়ে পড়েন। তখন হালিমকে ব্যাংকের দশ তলায় ইউনিয়ন অফিসে নিয়ে যান। সেখানে হালিমের অবস্থা আরো খারাপ হয়ে যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার সিং জানান, মতিঝিল বিমান অফিসের গলিতে মৃত আব্দুল হালিম পুরাতন কলিগদের সঙ্গে পূর্বের জের ধরে ধস্তাধস্তি হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত